জলমগ্ন বিডিও অফিস, সরকারি গাড়ি ছেড়ে ভ্যানে চেপে অফিসে ঢুকলেন ফরাক্কার বিডিও
নিজস্ব সংবাদদাতা, ফরাক্কা : উন্নয়নের দায়িত্ব তাঁর কাঁধে। অথচ সেই ব্লক প্রশাসনের প্রধান কার্যালয়ই এখন জলমগ্ন। ফরাক্কা ব্লক অফিস চত্বরে কোমরসমান জল জমে থাকায় মঙ্গলবার এক নজিরবিহীন দৃশ্যের সাক্ষী থাকলেন সাধারণ মানুষ ও সরকারি কর্মীরা। সরকারি গাড়িতে অফিসে এসে জলাবদ্ধতার কারণে আর ভেতরে প্রবেশ করতে পারেননি ব্লকের বিডিও সুজয় ব্যাপারী। বাধ্য হয়ে সরকারি গাড়ি বাইরে রেখে একটি ভ্যানে চেপে অফিসে প্রবেশ করেন তিনি। এই বিরল দৃশ্য মুহূর্তের মধ্যেই কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। উপস্থিত বহু কর্মী ও স্থানীয় বাসিন্দা মোবাইল ফোনে সেই ছবি ও ভিডিও তুলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন, যা দ্রুত ভাইরাল হয়ে যায়। স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে ব্লক অফিসের সামনের এই জলাবদ্ধতার সমস্যায় সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হলেও স্থায়ী সমাধান হয়নি। এবার বিডিও নিজেই একই সমস্যার মুখোমুখি হওয়ায় পরিস্থিতির গুরুত্ব আরও স্পষ্ট হয়েছে। তাঁদের আশা, প্রশাসনের শীর্ষ আধিকারিক নিজে এই দুর্ভোগের অভিজ্ঞতা অর্জন করায় জলনিকাশি ও পরিকাঠামোগত সমস্যার দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
