বহরমপুরের হোটেলে জেলাশাসকের আকস্মিক অভিযান, বাজেয়াপ্ত মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী
নিজস্ব সংবাদদাতা, বহরমপুর : বহরমপুর শহরের লালদিঘি পাড় সংলগ্ন একটি হোটেলে আকস্মিক পরিদর্শনে গিয়ে একাধিক অনিয়মের হদিস পেল জেলা প্রশাসন। শুক্রবার জেলাশাসক রাজর্ষি মিত্র (আর. অর্জুন)-এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে হোটেলের রান্নাঘর, খাদ্য সংরক্ষণ ব্যবস্থা, অগ্নি-নিরাপত্তা এবং আবাসিকদের সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়। পরিদর্শনের সময় রান্নায় ব্যবহৃত মশলাপাতি, খাদ্যসামগ্রী ও অন্যান্য উপকরণের গুণমান পরীক্ষা করা হয়। সেই সঙ্গে প্রতিটি পণ্যের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখও খুঁটিয়ে দেখা হয়।
অভিযান চলাকালীন হোটেলের রান্নাঘরে একাধিক গাফিলতি ধরা পড়ে। খাদ্য সুরক্ষা বিধি লঙ্ঘনের অভিযোগে বেশ কিছু মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি রান্নাঘরের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতার মানও পর্যবেক্ষণ করেন প্রশাসনিক আধিকারিকরা। আবাসিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হোটেলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা কার্যকর রয়েছে কি না, তাও পরীক্ষা করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তার স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত চালানো হবে। হোটেল ও রেস্তোরাঁ কর্তৃপক্ষকে খাদ্য সুরক্ষা আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। এদিনের অভিযানে জেলাশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) অনাদিল দত্ত, বহরমপুর সদর মহকুমাশাসক সমীরণ বারিক, খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক এবং দমকল বিভাগের প্রতিনিধিরা।
