Channel 9 Bangla

কোপাইয়ের জলে প্লাবিত কঙ্কালীতলা, হাঁটু জল ভেঙেও মায়ের দর্শনে ভক্তদের ঢল

নিজস্ব সংবাদদাতা, বোলপুর : টানা প্রবল বর্ষণে ফুলেফেঁপে উঠেছে কোপাই নদী। নদীর জলস্তর বাড়তেই আশঙ্কা সত্যি করে বীরভূমের সতীপীঠ কঙ্কালীতলা মন্দির চত্বর প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার কোপাইয়ের ঘোলা জল ঢুকে পড়ে মন্দির প্রাঙ্গণে, ফলে চারপাশ কার্যত হাঁটুসমান জলের তলায় চলে যায়। পরিস্থিতির অবনতি হওয়ায় অপ্রীতিকর ঘটনা এড়াতে শান্তিনিকেতন থানার পুলিশ মন্দিরের মূল প্রবেশপথে ব্যারিকেড বসিয়ে ভক্তদের প্রবেশ নিয়ন্ত্রণ করছে। তবে প্রশাসনের সতর্কতা কিংবা জলাবদ্ধতা কোনও কিছুই দমাতে পারেনি পুণ্যার্থীদের অটুট বিশ্বাসকে। কলকাতা-সহ বিভিন্ন জেলা থেকে আসা বহু ভক্ত হাঁটু জল ভেঙেই মায়ের দর্শনে পৌঁছাচ্ছেন। তাঁদের বক্তব্য, দুর্যোগ যতই থাকুক, মায়ের টানে সব বাধাই তুচ্ছ। এদিকে মন্দির চত্বর জলমগ্ন হলেও নিত্যপুজো ও ভোগের নিয়মে কোনও পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন মন্দিরের সেবায়েতরা। প্রয়োজনে নিরাপদ স্থানে নিয়ে গিয়েই সমস্ত ধর্মীয় আচার সম্পন্ন করা হচ্ছে। পাশাপাশি জল নামানোর কাজও শুরু হয়েছে এবং ভক্তদের নিরাপত্তার জন্য মন্দির চত্বরে বালির বস্তা ফেলে অস্থায়ী সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। একদিকে কোপাই নদীর বাড়ন্ত জল ও প্লাবনের আশঙ্কা, অন্যদিকে অটুট ভক্তিভাব—এই দুইয়ের মাঝেই এক অনন্য আবহে দিন কাটছে কঙ্কালীতলায়।

Exit mobile version