ভেজালের অভিযোগে কাশিমবাজারের তেলের গোডাউন সিল, নমুনা পরীক্ষাগারে
নিজস্ব সংবাদদাতা, কাশিমবাজার : সরষের তেলে ভেজাল মেশানোর অভিযোগে রবিবার কাশিমবাজারে একটি তেলের গোডাউনে অভিযান চালিয়ে সেটি সিল করে দিল খাদ্য সুরক্ষা দপ্তর। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে আধিকারিকরা গোডাউনে হানা দিয়ে তেলের নমুনা সংগ্রহ করেন এবং প্রাথমিক পরীক্ষায় ভেজালের সন্দেহ মেলায় গোডাউনটি আপাতত বন্ধ করে দেওয়া হয়। খাদ্য সুরক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, সংগৃহীত নমুনা বিস্তারিত পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে। যদিও গোডাউন মালিকের দাবি, তাঁরা ট্যাঙ্কারে করে সরষের তেল এনে বিভিন্ন টিনে ভরে বাজারজাত করেন। তাঁর অভিযোগ, পুরনো টিনে তেল সংরক্ষণ করার কারণেই গোডাউনটি সিল করা হয়েছে এবং নতুন টিন ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ভেজাল মেশানোর অভিযোগ তিনি অস্বীকার করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খাদ্য সুরক্ষা দপ্তরের এই অভিযানের পর জেলার অন্যান্য তেল ব্যবসায়ীদের মধ্যেও সতর্কতা তৈরি হয়েছে। প্রশাসনের দাবি, জনস্বাস্থ্যের সঙ্গে কোনওরকম আপস করা হবে না এবং খাদ্যে ভেজাল রুখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
