Channel 9 Bangla

টানা বৃষ্টিতে ফরাক্কায় রেললাইনে ধস, ব্যাহত ট্রেন চলাচল, আটকে একাধিক দূরপাল্লার ট্রেন

নিজস্ব সংবাদদাতা, ফরাক্কা: বুধবার থেকে টানা ভারী বৃষ্টির জেরে ফরাক্কার নিউ ফরাক্কা ও তিলডাঙা স্টেশনের মাঝামাঝি এলাকায় রেললাইনে ধস নামায় উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে রেল যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে ধসের ঘটনা নজরে আসতেই নিরাপত্তার স্বার্থে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে যোগবানি এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস, দার্জিলিং মেল, রাঁচি এক্সপ্রেস-সহ একাধিক দূরপাল্লার ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড় করিয়ে রাখা হয়েছে, আবার বেশ কয়েকটি ট্রেনকে অত্যন্ত ধীর গতিতে চালানো হচ্ছে। রেল সূত্রে জানা গিয়েছে, ফরাক্কা ব্যারেজে প্রবেশের মুখে আপ লাইনের একটি অংশ ভারী বৃষ্টির কারণে নরম হয়ে যাওয়া মাটির সঙ্গে বসে যায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অতিবৃষ্টির জেরেই মাটি সরে গিয়ে এই ধসের সৃষ্টি হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় রেলের উচ্চপদস্থ আধিকারিক ও প্রকৌশলীরা। যুদ্ধকালীন তৎপরতায় ক্ষতিগ্রস্ত অংশে মেরামতির কাজ শুরু হয়েছে এবং দ্রুত স্বাভাবিক পরিষেবা ফিরিয়ে আনতে জোরকদমে কাজ চলছে। ধসের কারণে যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হলেও, নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই রেল কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

Exit mobile version