Channel 9 Bangla

ভগবানগোলায় সাংসদ আবু তাহের খানকে ঘিরে বিক্ষোভ, ‘গো-ব্যাক’ স্লোগান ও কালো পতাকা

নিজস্ব সংবাদদাতা, ভগবানগোলা: মুর্শিদাবাদ লোকসভার তৃণমূল কংগ্রেসের সাংসদ আবু তাহের খানকে ঘিরে শনিবার ভগবানগোলায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। একটি কর্মসূচিতে যোগ দিতে গেলে তাঁকে লক্ষ্য করে ‘গো-ব্যাক’ স্লোগান দেওয়া হয় এবং বিক্ষোভকারীরা কালো পতাকা প্রদর্শন করেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হস্তক্ষেপ করলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়, যা কিছু সময়ের জন্য উত্তেজনাকে আরও বাড়িয়ে তোলে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় ইতিমধ্যেই চারজনকে আটক করা হয়েছে এবং তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিক্ষোভকারীরা কালোঘাট-পন্থী তৃণমূলের সমর্থক। ঘটনার পর রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। তবে এই বিক্ষোভের নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। আইনশৃঙ্খলা বজায় রাখতে এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।

Exit mobile version