Channel 9 Bangla

ধসের জেরে ব্যাহত রেল পরিষেবা, শনিবার সন্ধ্যায় স্বাভাবিক হওয়ার আশ্বাস পূর্ব রেলের

নিজস্ব সংবাদদাতা, ফরাক্কা : নিউ ফরাক্কা স্টেশন সংলগ্ন রেললাইনে ধস নামার ঘটনার প্রায় ৫৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও সম্পূর্ণ স্বাভাবিক হয়নি রেল পরিষেবা। তবে শনিবার সন্ধ্যার মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা প্রকাশ করেছে পূর্ব রেল। শুক্রবার ঘটনাস্থল পরিদর্শনে আসেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে। তাঁর সঙ্গে ছিলেন প্রিন্সিপ্যাল চিফ ইঞ্জিনিয়ার বিক্রম গুপ্ত-সহ রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। সাংবাদিক বৈঠকে গীতিকা পাণ্ডে জানান, রেল ও নির্মাণ সংস্থার প্রায় ২০০ জন কর্মী যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজে নিয়োজিত রয়েছেন এবং ইতিমধ্যেই প্রায় ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। তিনি বলেন, রেললাইনের পাশের একটি জলাশয়ের কারণে প্রায় ৮০ মিটার এলাকা জুড়ে ধস নেমেছে, যার গভীরতা প্রায় ৭ মিটার। টানা বৃষ্টির কারণে পাইলিংয়ের কাজ ব্যাহত হলেও দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে। রেল কর্তৃপক্ষের দাবি, সম্পূর্ণভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়নি। মেরামতির জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় ডাউন লাইনে ডিজেল লোকোমোটিভের সাহায্যে ট্রেন চালানো হচ্ছে। ঘটনার পর থেকে প্রায় ১৬০টি ট্রেন চলাচল করেছে। কিছু ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে এবং কয়েকটির যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। রেল কর্তৃপক্ষের আশা, শনিবার সন্ধ্যার মধ্যে মেরামতির কাজ শেষ করে এই গুরুত্বপূর্ণ রেলপথে স্বাভাবিক ট্রেন চলাচল পুনরায় চালু করা সম্ভব হবে।

Exit mobile version