রঘুনাথগঞ্জে পুলিশের গাড়ি থেকেই চম্পট দুই বাংলাদেশির, একজন ধৃত, অপরজন এখনও অধরা
মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে পুলিশের গাড়ি থেকেই দুই বাংলাদেশি নাগরিকের পালিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার কৃষ্ণসাইল মোড় এলাকা থেকে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা আনারুল শেখ এবং মোহাম্মদ রুবেল শেখকে গ্রেফতার করে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। গ্রেফতারের পর দুজনকেই থানায় নিয়ে যাওয়া হয়। এরপর শুক্রবার সকালে তাঁদের শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িতেই ছিলেন দুজন। সেই সময় সুযোগ বুঝে পুলিশের গাড়ি থেকে দুজনেই চম্পট দেন বলে জানা যায়। ঘটনাটি নজরে আসতেই তৎপর হয়ে ওঠে পুলিশ। শুরু হয় ব্যাপক তল্লাশি ও ধাওয়া। কিছুক্ষণের মধ্যেই একজনকে পুলিশ পাকড়াও করতে সক্ষম হলেও অপরজন এখনও পুলিশের নাগালের বাইরে রয়েছে। ফলে তাঁকে খুঁজে বের করতে বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। পুলিশের গাড়ি থেকে এভাবে দুই বাংলাদেশি নাগরিকের পালিয়ে যাওয়ার ঘটনায় রঘুনাথগঞ্জ এলাকায় স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়েছে। কীভাবে পুলিশের নিরাপত্তা এড়িয়ে তাঁরা গাড়ি থেকে পালাতে সক্ষম হলেন, তা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। ঘটনার পর পুলিশের ভূমিকা এবং নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। অপর পলাতক ব্যক্তিকে দ্রুত গ্রেফতার করতে পুলিশ জোরদার অভিযান চালাচ্ছে।
