রাতভর বৃষ্টিতে জলমগ্ন বোলপুরের বিস্তীর্ণ এলাকা, চরম দুর্ভোগে বাসিন্দা ও বিশ্বভারতীর পড়ুয়ারা
নিজস্ব সংবাদদাতা, বোলপুর: রাতভর একটানা ভারী বৃষ্টিতে কার্যত জলের তলায় চলে গেল বোলপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা। রথীন্দ্রপল্লী, উদয়নপল্লী ও ইন্দিরা পল্লীর মতো জনবহুল এলাকাগুলিতে কোমরসমান জল জমে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে নিকাশি ব্যবস্থার বেহাল অবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই জল জমে থাকলেও এবারের পরিস্থিতি অতীতের সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে বলে অভিযোগ। প্রায় প্রতিটি বাড়ির একতলা, গ্যারাজ ও উঠোন জলমগ্ন হয়ে পড়েছে। দীর্ঘ ৩৩ বছর ধরে এলাকায় বসবাসকারী নিমাই দাস জানান, জীবনে এই প্রথম এত ভয়াবহ জলাবদ্ধতা দেখছেন তিনি; সকালে ঘুম থেকে উঠে খাট থেকে নামতেই পা জলে ডুবে যাচ্ছে। অন্যদিকে জলবন্দি হয়ে চরম সমস্যায় পড়েছেন বিশ্বভারতীর পড়ুয়ারাও। পুরুলিয়া থেকে এসে কৃষি বিভাগে পড়াশোনা করা ছাত্র শুভদীপ ভট্টাচার্য জানান, ভাড়া বাড়ির ঘরে কোমরসমান জল ঢুকে যাওয়ায় রান্নাবান্না বন্ধ হয়ে গিয়েছে। বিষাক্ত সাপ ও পোকামাকড়ের আতঙ্কে বাধ্য হয়ে অন্য বন্ধুর ঘরে আশ্রয় নিতে হয়েছে তাঁদের, বাতিল হয়েছে ক্লাসও। অফিসযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ—সকলেই কার্যত জলবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। ক্ষুব্ধ বাসিন্দাদের দাবি, অবিলম্বে স্থায়ী নিকাশি ব্যবস্থার উন্নয়ন না হলে ভবিষ্যতে সামান্য বৃষ্টিতেই আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে।
