বেঙ্গালুরু থেকে মালদায় আনা হল ৩১ বাংলাদেশি নাগরিক, অবৈধ অনুপ্রবেশের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা, মালদা : অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক ৩১ জন বাংলাদেশি নাগরিককে বেঙ্গালুরু থেকে মালদায় নিয়ে এল কর্নাটক পুলিশ। মঙ্গলবার রাতে বেঙ্গালুরু-মালদা স্টেশনগামী ট্রেনে তাঁদের মালদায় আনা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেঙ্গালুরুর বিভিন্ন এলাকায় কর্মসূত্রে বসবাস করছিলেন ওই ব্যক্তিরা। তবে তাঁদের কাছে ভারতে বৈধভাবে থাকার প্রয়োজনীয় নথি না থাকায় বেঙ্গালুরুর ১০টি পৃথক থানার পুলিশ তাঁদের আটক করে। অভিযুক্তদের নিরাপদে মালদায় নিয়ে আসতে প্রায় ২০ জন পুলিশকর্মী মোতায়েন করা হয়েছিল। জানা গিয়েছে, বেঙ্গালুরুতে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান ‘অপারেশন মুক্তি’-র অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সূত্রের খবর, প্রায় তিন মাস আগে তাঁদের বেঙ্গালুরু পুলিশ একটি ডিটেনশন সেন্টারে রাখে। পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুযায়ী ট্রেনে করে তাঁদের মালদায় পাঠানো হয়। মালদা স্টেশনে পৌঁছানোর পর জেলা পুলিশের দুটি বাসে করে ওই ৩১ জনকে জেলার হোল্ডিং সেন্টারে নিয়ে যাওয়া হয়। প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানোর (পুশ ব্যাক) ব্যবস্থা করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। অবৈধ অনুপ্রবেশ রোধে নিরাপত্তা সংস্থাগুলির নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও জানা গেছে।












Leave a Reply