নিউ ফরাক্কা রেললাইনে ধসের জেরে ৩০ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি পরিষেবা, বাতিল ১১ দূরপাল্লার ট্রেন

নিজস্ব সংবাদদাতা, ফরাক্কা : নিউ ফরাক্কা স্টেশন সংলগ্ন রেললাইনে ধস নামার ৩০ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেলেও এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি রেল পরিষেবা। শুক্রবারও উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে রেল যোগাযোগ ব্যাপকভাবে ব্যাহত হয়। রেল সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতির জেরে বন্দে ভারত এক্সপ্রেস, তিস্তা-তোর্সা এক্সপ্রেস, বালুরঘাট এক্সপ্রেস, হাটে বাজারে এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস-সহ মোট ১১টি গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়া চারটি ট্রেনের রুট পরিবর্তন করে আজিমগঞ্জ–কাটোয়া শাখা লাইন দিয়ে চালানো হচ্ছে। ধসের পর থেকেই যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ চালিয়ে যাচ্ছে রেল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাতভর শক্তিশালী আলোর ব্যবস্থা করে কাজ চলে এবং দ্রুত পরিস্থিতি সামাল দিতে বাইরে থেকে অতিরিক্ত শ্রমিকও আনা হয়েছে। রেললাইনের পাশাপাশি ধসের প্রভাবে ওভারহেড বিদ্যুতের তারও হেলে যাওয়ায় সেগুলির মেরামতের কাজও একযোগে চলছে। রেলের প্রকৌশলীরা ক্ষতিগ্রস্ত অংশে নিরলসভাবে কাজ করছেন এবং সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে শুক্রবার সন্ধ্যার মধ্যে ওই লাইনে ট্রেন চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হবে বলে আশাবাদী রেল কর্তৃপক্ষ। যাত্রীদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পাশাপাশি যাত্রার আগে ট্রেনের সর্বশেষ অবস্থান জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *