মুর্শিদাবাদে শুরু ৮১ কিমি নদীপথ সাঁতার, বিশ্বের নজরে ঐতিহ্যের আয়োজন

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ : বিশ্বের দীর্ঘতম নদীপথ সাঁতার প্রতিযোগিতার গৌরবময় ৮০তম বর্ষের আনুষ্ঠানিক সূচনা হল রবিবার ভোরে। মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতায় ভোর ৫টায় আহিরণ ঘাট থেকে ভাগীরথী নদীতে ঝাঁপ দেন প্রতিযোগীরা। এবারের ৮১ কিলোমিটার দীর্ঘ প্রতিযোগিতায় বাংলাদেশের তিন প্রতিযোগী-সহ ভারতের সাতটি রাজ্যের মোট ২৭ জন সাঁতারু অংশ নিয়েছেন। একই দিনে দুপুর ১টায় জিয়াগঞ্জ ঘাট থেকে শুরু হবে পুরুষ ও মহিলা বিভাগের ১৯ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা, যেখানে ১৫ জন মহিলা-সহ মোট ৫৬ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। দুটি প্রতিযোগিতারই সমাপ্তি হবে বহরমপুরের কলেজ ঘাটে। আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ভিসা সংক্রান্ত জটিলতার কারণে ফ্রান্স, আর্জেন্টিনা ও বাংলাদেশের সাতজন প্রতিযোগী এবার অংশ নিতে পারেননি। তাঁদের আগামী বছরের প্রতিযোগিতার জন্য ইতিমধ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে। জেলা পুলিশ, প্রশাসন এবং রাজ্য সরকারের সহযোগিতায় আন্তর্জাতিক মর্যাদাসম্পন্ন এই প্রতিযোগিতা ৮০ বছরে পদার্পণ করায় উচ্ছ্বসিত আয়োজকরা। রবিবার সন্ধ্যায় মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের নিজস্ব কমপ্লেক্সে বিজয়ী ও অংশগ্রহণকারী সাঁতারুদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *