বোলপুরে মর্মান্তিক পরিণতি, বন্ধুকে বাঁচাতে গিয়ে এক জনের মৃত্যু, শোকে আত্মঘাতী আর এক তরুণ

নিজস্ব সংবাদদাতা, বোলপুর: একসঙ্গে স্বপ্ন পূরণের আশায় বাড়ি ছেড়ে এসেছিলেন দুই তরুণ বন্ধু। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে কয়েক ঘণ্টার ব্যবধানে নিভে গেল তাঁদের জীবনের আলো। বোলপুরের কাশিমবাজার এলাকায় ঘটে যাওয়া এই হৃদয়বিদারক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টানা বৃষ্টির জেরে জলমগ্ন এলাকায় একটি ড্রাম ভেসে আসতে দেখে সেটি তুলতে যান পশ্চিম বর্ধমানের হীরাপুর থানার ধেনুয়া গ্রামের ১৯ বছরের সুব্রত পাল। সেই সময় অসাবধানতাবশত তিনি ১১ হাজার ভোল্টের হাইটেনশন বিদ্যুতের তারের সংস্পর্শে চলে আসেন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গভীর জলের স্রোতে ভেসে যান। চোখের সামনে বন্ধুকে তলিয়ে যেতে দেখে ২১ বছরের শুভজিৎ কর্মকার ঝাঁপিয়ে পড়েন তাঁকে উদ্ধার করতে। কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ হয়। প্রিয় বন্ধুর এমন মর্মান্তিক মৃত্যু মেনে নিতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েন শুভজিৎ। পরে নিজের ঘরে ফিরে আত্মঘাতী হন তিনি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। শুভজিতের দেহ উদ্ধার করা হলেও, জলের স্রোতে ভেসে যাওয়া সুব্রত পালের খোঁজে এখনও তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল। মাত্র ১৯ ও ২১ বছর বয়সে দুই তরুণের এমন করুণ পরিণতিতে শোকস্তব্ধ দুই পরিবার ও গোটা এলাকা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *