আস্থা ভোটে অপসারিত ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান ইনজামুল ইসলাম, তৃণমূলের দখলেই পুরবোর্ড
নিজস্ব সংবাদদাতা, ধুলিয়ান : দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পর অবশেষে আস্থা ভোটে পরাজিত হয়ে ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান পদ হারালেন তৃণমূল কংগ্রেসের ইনজামুল ইসলাম। মঙ্গলবার কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত আস্থা ভোটে উপস্থিত ১৫ জন কাউন্সিলরের প্রত্যেকেই তাঁর বিরুদ্ধে ভোট দেন। ফলে ১৫-০ ভোটের ব্যবধানে অনাস্থা প্রস্তাব গৃহীত হয় এবং আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান পদ থেকে অপসারিত হন তিনি। ভোটাভুটির সময় ইনজামুল ইসলাম নিজেও সভায় উপস্থিত ছিলেন না।
ধুলিয়ান পুরসভায় মোট ২১ জন কাউন্সিলর রয়েছেন। গত ৪ আগস্ট স্থানীয় তৃণমূল কংগ্রেস বিধায়ক নূর আলম চৌধুরীর নেতৃত্বে ১৩ জন কাউন্সিলর ইনজামুল ইসলামের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেন। অভিযোগ ওঠে, নির্ধারিত সময়ের মধ্যে অনাস্থা সভা ডাকা না হওয়ায় বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়। পরে তলবি সভার মাধ্যমে মঙ্গলবার আস্থা ভোটের আয়োজন করা হয়।
অনাস্থা প্রস্তাব জমা পড়ার পরই রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আসে। ইনজামুল ইসলাম তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগ দেন। তবে সেই যোগদান নিয়েও বিতর্ক তৈরি হয় এবং পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেতা প্রকাশ যোশী ওই যোগদানকে কার্যত খারিজ করে দেন। রাজনৈতিক মহলের একাংশের মতে, ইনজামুল ইসলাম-সহ কয়েকজন কাউন্সিলরকে সঙ্গে নিয়ে ধুলিয়ান পুরসভার দখল নেওয়ার চেষ্টা করেছিল কংগ্রেস। কিন্তু আস্থা ভোটের ফলাফলে সেই পরিকল্পনা সফল হয়নি।
এদিনের ফলাফলের পর ধুলিয়ান পুরসভার নিয়ন্ত্রণ তৃণমূল কংগ্রেসের হাতেই বজায় থাকল। তবে দলের পক্ষ থেকে এখনও নতুন চেয়ারম্যানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। প্রশাসনিক নিয়ম মেনে শীঘ্রই নতুন চেয়ারম্যান নির্বাচনের জন্য বিশেষ সভা ডাকা হতে পারে বলে রাজনৈতিক সূত্রে খবর।












Leave a Reply