লালবাগে বাড়িতে হানা, ২৮ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, লালবাগ: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মুর্শিদাবাদ থানার পুলিশ লালবাগের কমলবাগ এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল। মঙ্গলবার বিকেলে মুর্শিদাবাদ পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কমলবাগ এলাকার বাসিন্দা প্রশান্ত মণ্ডলের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ২৮ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়। ঘটনায় প্রশান্ত মণ্ডল ও তাঁর স্ত্রী কল্পনা মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। মুর্শিদাবাদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনিরুদ্ধ বাগের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে প্রথমে দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতেই বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া মাদকের উৎস, কোথা থেকে তা আনা হয়েছিল এবং কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। বুধবার তাঁদের লালবাগ মহকুমা আদালতে তোলা হবে। জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে পুলিশ আরও সক্রিয় হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *