মুর্শিদাবাদের সালারে শূকর মারা অনুষ্ঠান ঘিরে ব্যাপক সংঘর্ষ, হাসপাতালে ২০ আহত

নিজস্ব সংবাদদাতা, সালার : মুর্শিদাবাদের সালার থানার কান্দরা গ্রামের ঘোষপাড়ায় নন্দ উৎসব উপলক্ষে শূকর মারা অনুষ্ঠানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় শুরু হওয়া এই সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। আহতদের প্রথমে সালার গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘোষপাড়ার মোরগতলা মোড়ে একটি পক্ষ শূকর মারা অনুষ্ঠানের আয়োজন করেছিল। একই সময়ে ঘোষপাড়ার অন্য প্রান্তে অপর একটি পক্ষও একই ধরনের অনুষ্ঠানের আয়োজন করে। দুই পক্ষের মধ্যে প্রথমে বচসা শুরু হলেও তা দ্রুতই রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয়। ঘটনায় গোটা এলাকা উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সালারের এসডিপিও, থানার ওসি-সহ বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সালার থানার পুলিশ। আইনশৃঙ্খলা বজায় রাখতে এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *